রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

রাকসুতে মোট ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে ছাত্র সংসদের ২৫৫টি পদে নির্বাচন হচ্ছে, যেখানে প্রার্থী সংখ্যা ৬০১ জন। এর মধ্যে ১১টি পুরুষ হলে ৪৬০ জন এবং ৬টি নারী হলে ১৪১ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।