নদীর কারণে বছরের পর বছর ধরে বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থার দুর্ভোগ পোহাচ্ছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দারা। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে অসুস্থ রোগী—সবাইকে চলাচলের জন্য নির্ভর করতে হয় ছোট নৌকার ওপর। দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে এলাকায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প অনুমোদনের পর প্রস্তাবিত নির্মাণস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তীর নেতৃত্বে প্রকৌশলীদের একটি দল নারায়ণপুর ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকায় যায়। তাঁরা নদীর দুই পাড়ের অবস্থা, আশপাশের জনবসতি ও বিদ্যমান যোগাযোগব্যবস্থা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান এবং প্রয়োজনীয় কারিগরি দিকগুলো সরেজমিনে যাচাই করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর একনেকের সভায় ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই অনুমোদনের ফলে নারায়ণপুরে সেতু নির্মাণের পথ তৈরি হয়েছে। তবে নির্মাণকাজ শুরুর আগে প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এলাকার বাসিন্দা সোহেল মিয়া বলেন, নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি তাঁদের দীর্ঘদিনের। প্রতিদিন নদী পার হতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। বর্ষাকালে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। সেতু হলে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতসহ এলাকার মানুষের স্বাভাবিক চলাচল অনেক সহজ হবে।

স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নদীর কারণে আশপাশের গ্রামগুলোর মানুষের যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। কৃষকেরা উৎপাদিত ফসল বাজারে নিতে এবং ব্যবসায়ীরা পণ্য পরিবহনেও সমস্যার মুখে পড়েন। এখানে সেতু নির্মিত হলে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাব্বি জানায়, প্রতিদিন নৌকায় নদী পার হয়ে তাকে বিদ্যালয়ে যেতে হয়। কখনো নৌকার অপেক্ষায় দীর্ঘ সময় কাটে। বৃষ্টির দিনে বই-খাতা ভিজে যায়, আবার অনেক সময় বিদ্যালয়ে যাওয়াও সম্ভব হয় না। নৌকা ডুবে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে। সেতু নির্মিত হলে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে বলে আশা তার।

ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন রাড়ী বলেন, নারায়ণপুরে সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রকল্পটি অনুমোদনের ক্ষেত্রে জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। এ জন্য তাঁর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সেতুটি নির্মিত হলে অন্তত ৩০ হাজার মানুষের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলে আমরা আশা করছি।

ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নারায়ণপুরে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করা হয়েছে। এলাকার বাস্তব পরিস্থিতি, যোগাযোগব্যবস্থা ও নির্মাণের কারিগরি বিষয়গুলো দেখা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নে নদীর ওপর সেতু না থাকায় প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছেন। ইকরকান্দি বাজার ও পুরাতন লঞ্চঘাট এলাকায় নদী পারাপারের একমাত্র মাধ্যম ছোট নৌকা। ফেরাঙ্গীকান্দী, নাওডোবা, সিংজালা, নারায়ণপুর, ইকরকান্দি ও সূর্যমনিসহ অন্তত ১০ গ্রামের মানুষ প্রতিদিন এই পথে চলাচল করেন। নদীর দুই পাশে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস থাকায় প্রতিদিন অসংখ্য মানুষকে নৌকায় নদী পার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি ও দুর্ভোগ বেড়ে যায়। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে সেতু নির্মাণের কাজ শুরু হবে।