প্রায় ৪৯ বছর আগে অবলুপ্ত হওয়া ব্রিটিশ আমলের প্রতিষ্ঠান মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের সম্পদ এখনো পুরোপুরি নিষ্পত্তি করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। তবে দীর্ঘ অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় নিলামে বিক্রি হওয়া ৪১ শতাংশ জমির মধ্যে ৩৪ দশমিক ৫০ শতাংশ জমি ছয়জন ক্রেতার নামে নিবন্ধন ও হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে কমিশনের মাধ্যমে সাতকানিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার এই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খাঁন প্রধান অতিথি এবং চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়াঁ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ১৯৭৭ সালের ২৬ জুলাই হাইকোর্ট বিভাগের আদেশে ১৭টি অবলুপ্ত ব্যাংকের সরকারি অবসায়ক (অফিশিয়াল লিকুইডেটর) হিসেবে নিয়োগ পায় বাংলাদেশ ব্যাংক। পরে ১৯৭৮ সালের ৪ আগস্ট হাইকোর্টের নির্দেশনায় জমি বিক্রি ও তহবিল ব্যবস্থাপনাসহ অবসায়ন-সংশ্লিষ্ট যাবতীয় দায়িত্ব দেওয়া হয়।

সাতকানিয়ার ধর্মপুর মৌজার ওই ৪১ শতাংশ জমি গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের নিয়োগকৃত একজন যুগ্ম জেলা ও দায়রা জজের পরিচালনায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছিল। কিন্তু নিলামের পর এক অবৈধ দখলকারী ৬ দশমিক ৫০ শতাংশ জমির ওপর মামলা করলে আইনি জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ জমি নিবন্ধনের নির্দেশ দেন এবং ২২ সেপ্টেম্বর আদেশের সার্টিফায়েড কপি ইস্যু করা হয়। আদালতের সেই নির্দেশনা অনুযায়ী গতকাল সাড়ে ৩৪ শতাংশ জমি হস্তান্তর করা হলেও বাকি সাড়ে ৬ শতাংশ জমি নিয়ে মামলাটি এখনো চলমান রয়েছে।

তথ্য অনুযায়ী, ব্রিটিশ আমলে ১৯০৫-০৬ সালের দিকে (মতান্তরে ১৯১০ সালে) মহালক্ষ্মী ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলকেন্দ্রিক এই ব্যাংকটির শাখা ছিল চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকায়। ১৯৫৯ সালে ব্যাংকটির কার্যক্রম বন্ধ হয়ে অবসায়ন প্রক্রিয়া শুরু হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সাতকানিয়ার ধর্মপুর মৌজায় বিএস জরিপের ১৮৮৯ নম্বর খতিয়ানে ১৩টি দাগে ব্যাংকটির মোট ১ একর ১৬ শতক জমি রয়েছে। এর মধ্যে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহৃত ১২ শতক শ্মশানের জমি বাদ দিয়ে ২০২৪ সালের ২১ আগস্টের পরিমাপ শেষে ১০৪ শতক জমি বাংলাদেশ ব্যাংকের নামে নামজারি করা হয়। এর মধ্যে ৮৩ শতক জমি নিলামে তোলা হয়েছিল, ১২ শতক ১৯৯৬ সালে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয় এবং বাকি ৯ শতক জমি বর্তমানে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এ ছাড়া কক্সবাজারের বিভিন্ন এলাকায় ব্যাংকটির নামে আরও প্রায় ১০ থেকে ১২ একর জমির তথ্য পাওয়া গেছে, যার অনেকগুলো এখনো দখল ও নামজারি জটিলতায় নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।