প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, সংস্কার প্রক্রিয়া এবং পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের বিষয়ে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান, সরকার এনসিপির দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে।

সংলাপের বিষয়বস্তু তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে সব শক্তিকে এক জায়গায় আসার আহ্বান জানিয়েছেন, যার সঙ্গে সংস্কারের বিষয়টি যুক্ত করার প্রস্তাব দিয়েছে এনসিপি। তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাসের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটেছে এবং এ অবস্থা থেকে উত্তরণের উপায় নিয়ে বৈঠকে কথা হয়েছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, তাই এই কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণেরও আহ্বান জানিয়েছে দলটি।

আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ইস্যুতে নাহিদ ইসলাম জানান, গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে ভারতের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কোনো ধরনের আপস না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার উদ্যোগ নিতে বলা হয়েছে।

ভারতের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ভারত নিজ ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটি কোনো দলীয় লড়াই নয়, বরং সার্বভৌমত্ব ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ ও জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন জরুরি।

তিনি আরও অভিযোগ করেন, সীমান্তে বিজেপির সমাবেশে আওয়ামী লীগ নেতারা যুক্ত হচ্ছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নাকচ করে তিনি দাবি করেন, আওয়ামী লীগ আমলেই হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন এবং ভারতই সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনকারী দেশ।