নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার হামলাকারীদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, একজন এএসআই ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ারের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে।



মন্তব্য করুন