ফরিদপুর জেনারেল (সদর) হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে সেবা খাতে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ মিলেছে। সরকার নির্ধারিত ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রি, রোগীদের নিম্নমানের ও পরিমাণে কম খাবার দেওয়া, চিকিৎসকদের অনুপস্থিতি এবং অরক্ষিত ওষুধের কক্ষে কুকুর থাকার মতো চিত্র উঠে এসেছে এই অভিযানে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে ফরিদপুর জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এই এনফোর্সমেন্ট অভিযান শুরু করে। দুদক জানিয়েছে, নানা অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযান আগামী দুই থেকে তিন দিন চলতে পারে।
অভিযানের বিষয়ে সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, টিকিট কাউন্টারে নির্ধারিত ৫ টাকার টিকিট দ্বিগুণ দামে অর্থাৎ ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পাশাপাশি বিক্রি হওয়া টিকিটের হিসাবের তুলনায় কাউন্টারে কয়েক গুণ বেশি টাকা পাওয়া গেছে।
হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে দলটি। নির্ধারিত সময়ে অনেক চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। এ ছাড়া দন্ত বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের হাসপাতালের বদলে নিজস্ব ব্যক্তিগত চেম্বারে যাওয়ার জন্য প্ররোচিত করার অভিযোগের সত্যতা মিলেছে।
রোগীদের খাদ্য সরবরাহে বড় ধরনের কারচুপির তথ্য পেয়েছে দুদক। অভিযোগ অনুযায়ী, ৯৫ টাকা কেজি দরের চালের বদলে রোগীদের পোকাধরা ও নিম্নমানের চালের ভাত দেওয়া হচ্ছিল। একইভাবে নির্ধারিত ২০০ গ্রাম পাঙ্গাশ মাছের পরিবর্তে প্রত্যেক রোগীকে মাত্র ৮০ গ্রাম করে মাছ দেওয়া হচ্ছিল।
অভিযানে হাসপাতালের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণে চরম অরক্ষিত অবস্থা দেখা যায়। দুদক কর্মকর্তা জানান, এসব গুরুত্বপূর্ণ সামগ্রী যেখানে রাখা হয়েছে, সেখানে কুকুরের বসবাসের প্রমাণও পাওয়া গেছে।
দুদক জানিয়েছে, অভিযান থেকে সংগৃহীত সব তথ্য-উপাত্ত যাচাই করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরবর্তীতে প্রধান কার্যালয়ের অনুমোদন পেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন