দুই দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় এটিই হতে যাচ্ছে কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই সফর ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব না হলেও শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্কের বর্তমান অগ্রগতি পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, আনোয়ার ইব্রাহিমের এই সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি ও কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে পারে। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নানা বিষয় আলোচনার সূচিতে থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন তারেক রহমান। ওই সফরে চীনও গিয়েছিলেন তিনি। গত ২২ জুন আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান, যেখানে দুই নেতা সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেন।

সেই বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছিল। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের ওপর জোর দিয়েছিলেন দুই প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, জুনের সেই বৈঠকে হওয়া আলোচনার অগ্রগতি পর্যালোচনার সুযোগ তৈরি করবে আসন্ন এই সফর।

উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিম এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন।