বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে তিন দিন ধরে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটকের মধ্যে আট শতাধিক পর্যটক মূল ভূখণ্ডে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ১৬টি সার্ভিস ট্রলারে করে তারা টেকনাফের উদ্দেশে দ্বীপ ছাড়েন।
সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরজুল ইসলাম পর্যটকদের ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, মূলত অসুস্থতা, জরুরি প্রয়োজন এবং নিজ উদ্যোগে ফিরতে আগ্রহী পর্যটকদের জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে অবস্থানরত বাকি পর্যটকদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে।
এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এর আগে গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ জাহাজে করে ওই পর্যটকেরা সেন্টমার্টিন গিয়েছিলেন। পরদিন বৃহস্পতিবার সাগর উত্তাল হয়ে পড়লে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় এবং তারা দ্বীপে আটকা পড়েন।
তবে ভুক্তভোগী পর্যটকদের অভিযোগ, দ্বীপে আটকে থাকার সময় তারা সরকারি কোনো সহায়তা পাননি। এমনকি ট্রলারে ফিরে আসা পর্যটকদের জাহাজের ফিরতি টিকিটের অর্থও ফেরত দেওয়া হয়নি বলে তারা দাবি করেছেন।



মন্তব্য করুন