দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনের অবসান। এই দীর্ঘ সময়ে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি মানুষ হওয়ার শিক্ষাও দিয়েছেন তিনি। তাঁর হাত ধরে কেউ হয়েছেন চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ পুলিশ কর্মকর্তা, আবার কেউ সাংবাদিকসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। কর্মজীবনের শেষ দিনে সেই প্রিয় শিক্ষককে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানালেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ফুলেল শুভেচ্ছা, ব্যান্ড পার্টির বাদ্য আর ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মানে আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষক।

শিক্ষক ইয়াকুব আলীর এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের কিরণ নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে। তিনি বিদ্যালয়টির সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকেই ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর কেটে গেছে ২৯টি বছর। দীর্ঘ এই সময়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষার্থীদের কাছে তিনি শুধু একজন ইংরেজি শিক্ষক ছিলেন না, ছিলেন জীবন গড়ার পথপ্রদর্শকও। পাঠ্যবইয়ের বাইরেও নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। তাঁর কাছ থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষকের প্রতি সেই কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ ঘটান তাঁরা।

বিদায়ের দিন বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন শত শত সাবেক ও বর্তমান শিক্ষার্থী। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্মৃতিচারণ, কুশল বিনিময় ও একসঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। পরে ব্যান্ড পার্টির বাদ্য আর ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাঁকে নিজ বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থীরা। পুরো আয়োজনজুড়েই ছিল আনন্দ, আবেগ ও শ্রদ্ধার অনন্য প্রকাশ।

শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের এমন সম্মান ও ভালোবাসা উপস্থিত সবার নজর কাড়ে। বিভিন্ন সময়ে শিক্ষকদের লাঞ্ছনা ও অপমানের খবরের বিপরীতে ইয়াকুব আলীকে দেওয়া এই সম্মান শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

প্রাক্তন শিক্ষার্থী এম এম জসিম বলেন, ‘ইয়াকুব আলী স্যারের কাছে আমাদের অনেক ঋণ। তিনি শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেননি, কীভাবে ভালো মানুষ হতে হয়, সেই শিক্ষাও দিয়েছেন। তাঁর হাত ধরে অনেক শিক্ষার্থী আজ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। স্যারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলে এই আয়োজন করেছি। তাঁকে এভাবে বিদায় জানাতে পেরে আমরা আনন্দিত।’

বর্তমান শিক্ষার্থী জুঁই আবেদিন বলেন, ‘ইয়াকুব স্যার আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষক। তিনি ইংরেজি পড়ানোর পাশাপাশি জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছেন। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা আমাদের ভবিষ্যৎ পথচলায় কাজে লাগবে। স্যারের বিদায়ের দিনটি আমাদের জন্য আনন্দের পাশাপাশি কষ্টেরও।’

বিদ্যালয়ের শিক্ষক সোহাগ মিয়া বলেন, ‘ইয়াকুব আলী স্যারের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। তিনি অত্যন্ত আন্তরিক, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব মানুষ। বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সঙ্গে কাজ করার অনেক স্মৃতি রয়েছে। আজ তাঁকে বিদায় জানাতে গিয়ে খারাপ লাগছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকেই ইয়াকুব আলী স্যার অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন অন্যদের জন্য অনুকরণীয়। শিক্ষার্থীরা যেভাবে ভালোবাসা ও সম্মান দিয়ে তাঁকে বিদায় জানিয়েছে, তা আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের।’

বিদায়ী শিক্ষক ইয়াকুব আলী বলেন, ‘১৯৯৭ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই শিক্ষকতা শুরু করেছিলাম। দেখতে দেখতে জীবনের ২৯টি বছর এখানে কাটিয়ে দিয়েছি। বিদ্যালয়, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। বিদায়ের দিনে শিক্ষার্থীরা আমাকে এতটা ভালোবাসা ও সম্মান জানাবে, তা কখনো ভাবিনি। ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার আয়োজন আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি চাই, আমার শিক্ষার্থীরা জীবনে আরও বড় হোক, ভালো মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করুক।’