কুয়েতের আল-সালমি মরুভূমিতে ৩৬ বছরের পুরোনো ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি।

জাগোনিউজ২৪-এর প্রতিবেদনে কুয়েতের স্থানীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় মরুভূমিতে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইনের ওপর অসাবধানতাবশত পা পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি প্রাণ হারান।

খবর পেয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আশপাশের এলাকায় অন্য কোনো বিস্ফোরক রয়েছে কি না তা খতিয়ে দেখতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয় এবং ফরেনসিক মেডিসিন, ক্রিমিনাল এভিডেন্স ও ক্রাইম সিন ইউনিট তদন্ত শুরু করে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

এদিকে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনো দূতাবাসে পৌঁছায়নি এবং তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।