বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩টি জেলায় সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় যানবাহন, ট্রেন, থানা, সরকারি দপ্তর, ব্যাংক ও রাজনৈতিক কার্যালয়ে হামলা এবং সড়ক-রেলপথে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে। পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে কয়েকটি রুটে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দেশ টিভির প্রতিবেদনে জানানো হয়, গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ী জেলায় এসব ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার সকালে কাশিয়ানীতে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে দুপুরে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়।
যানবাহন ও রেলে নাশকতার অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাক এবং কাঁচপুরে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় পদ্মা রেল সংযোগের পিলারসংলগ্ন স্থাপনায় আগুনের ঘটনার পর ওই পথে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। সিলেট নগরের চালিবন্দরে একসঙ্গে চারটি বাসে এবং রাজশাহীতে বিআরটিসি বাস ডিপোতে আগুন ও দুটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ময়মনসিংহের বিসকা রেলস্টেশনে জারিয়া লোকাল ট্রেনের কোচে আগুন দেওয়া হলে দুটি আসন পুড়ে যায়। ভৈরবে চলন্ত বাসে ককটেল নিক্ষেপে আগুন লাগলেও যাত্রীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন। এ ছাড়া খাগড়াছড়িতে দুটি পিকআপ এবং রংপুর ও পাবনার সুজানগরে একটি করে বাসে আগুন দেওয়া হয়েছে।
সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার ঘটনায় চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আটজনকে আটক করেছে পুলিশ। বাঁশখালীতে সড়ক অবরোধ ও গ্রামীণ ব্যাংকের শাখার বাইরে আগুন দেওয়া হয়। গাজীপুরের ভুরুলিয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্রে এবং ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পাবনা সদর ইউএনও কার্যালয়ের নবনির্মিত মিলনায়তনে ককটেল বিস্ফোরণ ও আগুনে আসবাবপত্র ও এসি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চাঁদপুরে ইউনিয়ন পরিষদ ভবন, নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক শাখা, ভূমি অফিস ও ট্রেন, সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংক শাখা, বাগেরহাটে বিএনপি কার্যালয় এবং নাটোরের গুরুদাসপুরে মহিলা দল নেত্রীর দুটি দোকানে আগুন দেওয়া হয়েছে।
রেলপথ ও সড়কে প্রতিবন্ধকতার ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেলক্রসিংয়ে টায়ারে আগুন দেওয়ার ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ; আখাউড়ায় রেলের সংকেত বক্স ও রাজশাহীর চারঘাটে রেললাইনেও আগুন দেওয়া হয়। টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভ ও মহাসড়কে পেট্রোল বোমা ছোড়া হয়। এ ছাড়া পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বোমাসদৃশ বস্তু এবং রাজশাহীর বাঘায় গ্রামীণ ব্যাংক শাখাসংলগ্ন এলাকা থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপের ঘটনায় দুজন, ঢাকার সাভারে মহাসড়কে ককটেল নিক্ষেপে একজনকে আটক এবং কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বইঠা জব্দ করেছে পুলিশ। একের পর এক এসব ঘটনায় জনমনে উদ্বেগ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।



মন্তব্য করুন