সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় প্রতিমন্ত্রী বাসায় না থাকলেও তাঁর বাবা-মা ভেতরে অবস্থান করছিলেন; তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র ও দেশ টিভির প্রতিবেদনে জানা যায়, শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেট যাওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই ভোরে তাঁর দাড়িয়াপাড়ার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

প্রাথমিক তথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।