পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এই তালিকা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।

ইসির তথ্যমতে, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।

প্রকাশিত তালিকায় দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের কথা জানানো হয়েছে।

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়ন পরিষদের সংখ্যা কম রাখা হয়েছে।