গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চালানো এই হামলায় থানার ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি প্রাঙ্গণে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে দুপুর একটা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শিপলু আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাতে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে জানানো হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সকালে দলটির ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান এবং ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।