সার্বিক নিরাপত্তা জোরদার ও নাশকতা ঠেকাতে রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করার পাশাপাশি ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন এবং অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনসহ মোট ৬১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এডিসি নিয়াজ মেহেদী জানান, রাজধানীজুড়ে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি বিভিন্ন এলাকায় ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে যারা রাজধানীতে এসে আত্মগোপন করেছে, তাদের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। নগরবাসীর নির্বিঘ্ন ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।