নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোর্শেদ টিপু।

বিকেলে শহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাহবুব মোর্শেদ টিপু বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, অগ্নিসংযোগ এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি, সাবেক কমিশনার সরদার এ কে এম চান মিয়া ও সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝি।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মাহবুব মোর্শেদ টিপুকে আগামীতে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনা করা হচ্ছে।