পাঁচটি হত্যা মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে এসব হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি মামলা রয়েছে।

বিয়ানীবাজারে সংঘর্ষে প্রাণ হারানো ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন আলাদাভাবে দুটি হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ দুটি মামলাই নথিভুক্ত করেছে।

অন্যদিকে গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত নাজমুল ইসলামের স্ত্রী খাদিজা মাহিরুল একটি হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করেন। ওই মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া গোলাপগঞ্জের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের বড় ভাই সাঈদ আলম এবং ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিন হত্যা মামলায় তাঁর ভাতিজা রেজাউল করিম পৃথক মামলা দায়ের করেন। এসব মামলাতেও তাঁকে প্রধান আসামি করা হয়েছে।