শরীয়তপুরের নড়িয়া বাজারে পরিবেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বাধা দেওয়া হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসকে হেনস্তা করার পাশাপাশি অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নড়িয়া বাজারে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাত আক্তারকে সঙ্গে নিয়ে তিনি ওই বাজারে অভিযান চালান। এ সময় একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দ করা হয়।

সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালে মুহূর্তেই কয়েকশ লোক তাদের ঘিরে ফেলেন। একপর্যায়ে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা চালিয়ে হেনস্তা করা হয়। এ সময় জব্দ করা পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছটিয়ে ফেলে দেওয়া হয় এবং অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

ম্যাজিস্ট্রেট লাকি দাসের অভিযোগ, বাজার কমিটির সহসভাপতি শামীম খলিফা বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান জানান, সরকারি কাজে বাধা দেওয়ার এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।