পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা দুটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মো. সিয়াম নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ পরিবহনের দুটি বাসে ভোররাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় টহলরত পুলিশ আগুন দেখতে পেয়ে আশপাশের বাসগুলোতে ঘুমিয়ে থাকা শ্রমিকদের জাগিয়ে নিরাপদে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ‘বাহক’ বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে, একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।



মন্তব্য করুন