খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদর ইউনিয়নের গোলনা রাহাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহা (১৮) নামের এক কলেজছাত্রীও আহত হন।

নিহতরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার সরকার (৫৭) ও তাঁর স্ত্রী হান্না সরকার (৪৫)। স্বপন কুমার সরকার মোংলার একটি খ্রিষ্টান চার্চের পালক এবং তাঁর স্ত্রী ওই চার্চের শিক্ষিকা ছিলেন।

খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্বপন কুমার সরকার ও তাঁর স্ত্রী মোটরসাইকেলযোগে মোংলা থেকে তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গোলনা রাহাবাড়ির সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী দম্পতিসহ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ডুমুরিয়া কলেজের ছাত্রী তমা রাহা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপন কুমার ও হান্না সরকারকে মৃত ঘোষণা করেন।

খর্ণিয়া হাইওয়ে থানার সার্জেন্ট দীপু সরকার দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।