জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকাসক্ত দুই ছেলের ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক নিরুপায় মা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বড় ছেলেকে এক বছর এবং ছোট ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে সাদমান সাকিব (২৪) ও মো. সান তাসফিক (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মাদকের নেশায় জড়িয়ে পড়েন এই দুই ভাই। নেশার টাকা জোগাড় করতে তারা প্রায়ই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতেন। মা ছাবিনা ইয়াসমিন সন্তানদের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হন। সম্প্রতি মাদকের টাকার জন্য তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং টাকা না পেলেই মাকে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
সন্তানদের এমন অত্যাচার সইতে না পেরে অবশেষে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেন ছাবিনা ইয়াসমিন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, আদালতের জিজ্ঞাসাবাদে ওই দুই ভাই মাদক সেবন এবং পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে বড় ভাই সাকিবকে এক বছর এবং ছোট ভাই তাসফিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



মন্তব্য করুন