নামজারির কাজ করে দেওয়ার কথা বলে এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়া এবং পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সেই টাকা ফেরত দেওয়ার অভিযোগে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ঘুষ গ্রহণের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযোগের বিষয়ে ভুক্তভোগী, অভিযুক্ত ভূমি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়।

অভিযোগকারী মো. আওলাদ হোসেন জানান, জমি কেনার পর নামজারি করতে আবেদন করে প্রায় চার মাস ধরে ভূমি অফিসে ঘুরতে হয়েছে তাঁকে। একপর্যায়ে এক সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা নেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ।

পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশের উদ্যোগ নেওয়া হলে এবং জানাজানি হলে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে টাকা ফেরত দেন ওই কর্মকর্তা। এ সময় ডিসিআর বাবদ ৩০০ টাকা রেখে অবশিষ্ট ১০ হাজার ২০০ টাকা ভুক্তভোগীকে বুঝিয়ে দেওয়া হয়।

দুদকের কর্মকর্তাদের সামনেও টাকা নেওয়া ও ফেরত দেওয়ার বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে ঘুষ গ্রহণ এবং পরবর্তী সময়ে টাকা ফেরত দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ নভেম্বর অভিযুক্ত কর্মকর্তা ও ভুক্তভোগীকে নোটিশ দিয়ে উপস্থিত হতে বলা হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে মো. শরীয়ত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সংবাদ প্রচার করেছিল বাংলা টেলিভিশন। ওই ঘটনার পরও তিনি একই পদে বহাল রয়েছেন বলে স্থানীয়দের দাবি।

সর্বশেষ ঘটনায় দুদকের অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও ঘুষ লেনদেন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাঁদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।