গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এই বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। আদেশ অনুযায়ী, এই তিন কর্মকর্তাকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লহকেও বদলি করা হয়েছিল।

উল্লেখ্য, রোববার দিনভর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ড চালান। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।