গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও দুটি চায়ের দোকান পুড়ে গেছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে আধা ঘণ্টার ব্যবধানে এ দুটি দুর্ঘটনা ঘটে, যাতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে। সেখানে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়ির এক পাশে থাকা একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পেছনের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টার পর শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে ১৩টি ঘর ও ঘরের ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অন্যদিকে, সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। দ্রুত তা পাশের আরেকটি দোকানেও ছড়িয়ে পড়ে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।