জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক আইন ও নথিপত্র পর্যালোচনায় তার আয়ের সঙ্গে সম্পদের অসংগতি ধরা পড়ার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।
গত ১১ নভেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের পক্ষ থেকে মামলাটি রেকর্ড করা হয়। এর আগে গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছিল। মামলায় দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগটি দায়ের করেছেন।
অনুসন্ধান ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কমিশনের নির্দেশে ২০২৩ সালের ১৬ এপ্রিল নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণী জমা দিয়েছিলেন ৫৭ বছর বয়সী শাহাদাৎ হোসেন। সেখানে তিনি মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার সম্পদের ঘোষণা দেন।
পরবর্তীতে ২০১৩-১৪ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার আয়কর রিটার্নসহ অন্যান্য নথিপত্র যাচাই করে দুদক। অনুসন্ধানে দেখা যায়, এই সময়ে বেতন-ভাতা, কৃষি, ব্যবসা এবং পূর্বের সঞ্চয়সহ তার বৈধ আয় ছিল ৫৭ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা। একই সময়ে তার পারিবারিক ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয় হয় ২৪ লাখ ৮০ হাজার টাকা। সব হিসাব মিলিয়ে তার নিট সঞ্চয় বা সম্পদ অর্জনের যৌক্তিক সক্ষমতা ছিল ৩২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা।
পক্ষান্তরে তার নামে ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। দাখিল করা বিবরণী বা অনুসন্ধানে কোনো ধরনের ঋণের তথ্য পাওয়া না যাওয়ায় বৈধ আয়ের তুলনায় ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার অবৈধ ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা মেলে। ভাঙ্গা উপজেলার ভাষড়া গ্রামের বাসিন্দা শাহাদাৎ হোসেন এই সম্পদ অর্জন ও ভোগদখলে রেখে আইন লঙ্ঘন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি শাহাদাৎ হোসেনের স্ত্রী তানিয়া আক্তার ওরফে রুমার বিরুদ্ধেও ১ কোটি ৮৬ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন।



মন্তব্য করুন