ফ্যাসিবাদমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কোনো শক্তির সঙ্গেই আপস করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তে অর্জিত অর্জনকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া হবে না।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থান তুলে ধরেন। কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে জামায়াত আমির বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশন ও জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের যে রূপরেখা তৈরি হয়েছিল, তা থেকে সরকার সরে দাঁড়িয়েছে। গণভোটের রায়কে উপেক্ষা করে একতরফাভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে যা জনগণের সঙ্গে একপ্রকার প্রতারণা।

দেশের তরুণ ও যুব সমাজের অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পরিকল্পিতভাবে যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ ছাড়া শিক্ষাঙ্গনগুলোতে চর দখলের মতো করে দলীয় অনুগতদের বসানোর তীব্র সমালোচনা করেন তিনি। ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির।

সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন।