সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিনিময়ে তার মামলার নতুন করে বিচার বা ‘ডি নোভো ট্রায়াল’ করার বিষয়ে ভারতের সম্ভাব্য প্রস্তাব নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের বিদ্যমান আইনে নতুন করে বিচার শুরুর কোনো সুযোগ নেই এবং প্রচলিত বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই রায় কার্যকর করা হবে।

রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

তিনি বলেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাদের প্রস্তাবিত নতুন বিচারের কোনো অবকাশ আমাদের আইনে নেই। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার সম্পন্ন হয়েছে এবং সেই আইন মেনেই সাজা কার্যকর করা হবে।

সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের সম্ভাব্য কয়েকটি শর্তের বিষয়টি সামনে আসে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করা, নিরাপত্তা দেওয়া এবং মামলার নতুন করে নিরপেক্ষ বিচারের বিষয়টি ভারত বিবেচনা করতে পারে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষের ভাষ্যমতে, নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল না করায় সেই সুযোগ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ফলে দেশে ফিরলে আইন অনুযায়ী তার দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে।