রাজধানীর রামপুরার ওয়াপদা রোড এলাকায় একটি ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দুজন আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তারা দুজনই ওই ইন্টারনেট প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মচারী। ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোপ্রার পলাশ জানান, রোববার সন্ধ্যার দিকে ৪-৫ জন মাস্ক পরিহিত যুবক রামপুরা ওয়াপদা রোডের অফিসে প্রবেশ করে। এ সময় সেখানে চারজন স্টাফ ছিলেন। আকস্মিকভাবে হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি চালিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা অফিসের সিসি ক্যামেরাগুলোও ভেঙে ফেলে। পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোড এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির খবর পেয়ে পুলিশের বিভিন্ন টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।