স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) তার এনজিওপ্লাস্টি করে স্টেন্ট (রিং) বসানোর কথা রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন। পরীক্ষায় তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।
দেশের চিকিৎসাব্যবস্থার ওপর জনগণের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পরিবারের এক সদস্য। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
উল্লেখ্য, সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।



মন্তব্য করুন