শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমি কেটে মাছের ঘের তৈরির দায়ে জেলা যুবদলের এক নেতাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করে। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাটনিগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদার (মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে), ভেদরগঞ্জের ছয়গাঁও গ্রামের তাজেল সরদার, একই এলাকার রুহুল আমিন এবং নীলফামারীর ডিমলা উপজেলার রহিম বাদশা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে রোকন সরদার ও তাজেল সরদারকে তিন মাস করে এবং রুহুল আমিন ও রহিম বাদশাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় এই দণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাটনিগাঁও এলাকায় কৃষিজমি নষ্ট করে মাছের ঘের তৈরি করে আসছিলেন রোকন সরদার ও তার সহযোগীরা। এমন খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিকের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এর আগেও গত বছরের মে মাসে কৃষিজমির মাটি কাটার অপরাধে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল।

এদিকে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ জানান, অপরাধমূলক এই কার্যক্রম থেকে বিরত থাকতে রোকন সরদারকে এর আগে দুইবার সতর্কপত্র দেওয়া হয়েছিল। চিঠি পাওয়ার কিছুদিন বন্ধ রাখলেও তিনি ফের একই কাজ চালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও আবুবকর সিদ্দিক বলেন, কৃষিজমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।