পুরোনো দিনের স্মৃতি, হারানো সময়ের গল্প আর বন্ধুত্বের টানে এক ছাদের নিচে মিলিত হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১২০০ বন্ধু। উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নোঙর এসএসসি-৯৮ বন্ধু মিলনমেলা-২০২৬’। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ, আবেগ আর ভালোবাসায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী এ মিলনমেলায় দেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি-১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়, পুরোনো দিনের স্মৃতিচারণ, প্রাণবন্ত আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। ব্যস্ত জীবনের নানা দায়িত্বের বাইরে এসে একে অপরের সান্নিধ্যে কাটানো সময়কে স্মরণীয় করে রাখেন বন্ধুরা।
আয়োজক কমিটি জানায়, নানা প্রতিকূলতা, গুজব ও অপপ্রচারের মধ্যেও মাত্র এক মাসের প্রস্তুতিতে এত বড় আয়োজন সম্পন্ন করা হয়েছে। মিলনমেলায় অংশগ্রহণের জন্য ৯৬৫টি টিকিট বিক্রি হয়, যা আয়োজকদের জন্য ছিল উল্লেখযোগ্য সাফল্য। স্পন্সর, অতিথি ও সৌজন্য আমন্ত্রণসহ সব মিলিয়ে প্রায় ১২০০ মানুষের অংশগ্রহণ ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
তবে বড় পরিসরের এ আয়োজন সম্পন্ন করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে কয়েকটি উপহারের ব্যাগ হারিয়ে যাওয়ায় কিছু অংশগ্রহণকারীর হাতে নির্ধারিত উপহার পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় কিছু অনিচ্ছাকৃত ত্রুটি থাকায় অংশগ্রহণকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে আয়োজক কমিটি।
মিলনমেলার আয়োজন সফল করতে পরিচালনা পর্ষদের সদস্যদের পাশাপাশি মহসিন মল্লিক, জাহাঙ্গীর, ব্যারিস্টার মুরাদ, পুষ্প, মনিকা, আমির, সামিনাজ পলি, জয়া, কনক ও জিকুসহ অসংখ্য বন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজকেরা।
দিনব্যাপী আনন্দঘন আয়োজন শেষে সব অংশগ্রহণকারী নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আয়োজক কমিটির সদস্যরা। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এসএসসি-৯৮ ব্যাচের বন্ধুদের একত্রিত করে বন্ধুত্বের এ বন্ধন অটুট রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।



মন্তব্য করুন