তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) জলবায়ু সংকটের জন্য দায়ী উন্নত ও বড় নির্গমনকারী দেশগুলোকে নিজেদের ঐতিহাসিক দায় ও অর্থায়নের বাধ্যবাধকতা পূরণের দাবি জানিয়েছে বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজ। একই সঙ্গে অভিযোজন অর্থায়ন তিন গুণ করা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সরাসরি অনুদানভিত্তিক সহায়তা পৌঁছে দেওয়ার জোর দাবি তোলা হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় আনতালিয়ার কপ৩১ সম্মেলনস্থলের সংবাদ সম্মেলন কক্ষ-২-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। বাংলাদেশের কোস্ট ফাউন্ডেশন, লিডার্স বাংলাদেশ এবং ভারতের সংগঠন ‘মৌসম’ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, কপ৩১ সম্মেলনকে কেবল প্রতিশ্রুতি দেওয়ার মঞ্চ হিসেবে সীমাবদ্ধ না রেখে জবাবদিহি ও বাস্তবায়নের সম্মেলনে রূপান্তর করতে হবে। অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি আলাদা আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তারা এ বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ও স্বচ্ছ কাঠামো নির্ধারণের আহ্বান জানান।

কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম. এ. হাসান বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়ন করা উন্নত দেশগুলোর আন্তর্জাতিক চুক্তিবদ্ধ দায়িত্ব, কোনো দয়া বা স্বেচ্ছামূলক বিষয় নয়। বেসরকারি খাতের অর্থায়ন দিয়ে উন্নত দেশগুলোর এই রাষ্ট্রীয় বাধ্যবাধকতা এড়ানোর সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের বৈষম্য তুলে ধরে ভারতীয় জলবায়ু বিশেষজ্ঞ অজয় কুমার জানান, এই অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। অথচ বৈশ্বিক তহবিলের খুব সামান্য অংশই এখানে আসে এবং তার ৮০ শতাংশের বেশি পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত থাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলো চরম বঞ্চনার শিকার হচ্ছে।

দক্ষিণ এশিয়ায় জলবায়ুজনিত দুর্যোগ ও বাস্তুচ্যুতির ভয়াবহতা তুলে ধরে ভারতের সৌম্য দত্ত, নেপালের প্রয়াস অধিকারী, শ্রীলঙ্কার থিলক কারিয়াওয়াসাম এবং লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বক্তব্য দেন। তারা জটিল আবেদন প্রক্রিয়া সহজ করে লস অ্যান্ড ড্যামেজ তহবিলের অর্থ দ্রুত ও সরাসরি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জলবায়ু উদ্বাস্তুদের মানবাধিকার ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান।