পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। পাশাপাশি স্থানীয় এক বিএনপি নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের প্রায় ২৫০ থেকে ৩০০ নেতা-কর্মী একটি মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। মিছিলকারীরা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করলে জানালার থাই গ্লাস ভেঙে যায়।
এরপর মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে বাইরে এনে আগুন জ্বালিয়ে দেন এবং টিনের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেন।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরের দুটি পৃথক স্থানে দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন