নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে দুটি মাইক্রোবাস, একটি পিকআপ ভ্যান ও একটি প্রাইভেটকারে করে ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত দত্তপাড়া বাজারে আসে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দোনালা বন্দুক থেকে ১০০ থেকে ১৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ঢাকাগামী মহাসড়ক ধরে পালিয়ে যায়।
আকস্মিক এই গুলিবর্ষণ ও বিস্ফোরণে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ঘটনার পরপরই পুলিশের অভিযান শুরু হয়েছে।



মন্তব্য করুন