গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। আর গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ ও অস্থিরতার মধ্যেই প্রশাসনের শীর্ষ পুলিশ কর্মকর্তা পদে এই পরিবর্তন আনা হলো। রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল ও টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল ও মহড়া দেন সংগঠনটির নেতা-কর্মীরা।
এদিকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।



মন্তব্য করুন