শাপলা চত্বর ট্রাজেডির মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১১ আসামিকে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়, যেখানে জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে আনা হয়।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন।

ট্রাইব্যুনালে হাজির করা অপর আসামিরা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া অন্য আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়। পাশাপাশি তাদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

এর আগে গত ১২ নভেম্বর এই মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওই দিনই আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আনা দুটি অভিযোগের মধ্যে প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের বিষয়টি উল্লেখ করা হয়েছে।