ভারতে পালিয়ে থাকা দাগি সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের দেশে অনুপ্রবেশ ঠেকাতে যশোরের শার্শা ও বেনাপোলসহ স্পর্শকাতর সীমান্ত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশকারীদের ধরিয়ে দিতে কিংবা সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

বিজিবি অধিনায়ক জানান, ভারতে পলাতক সন্ত্রাসী ও ফেরারি আসামিরা বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। তারা যশোর, সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তজুড়ে অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সীমান্তে রাতের নজরদারি আরও নিখুঁত করতে বিজিবির অভিযানে যুক্ত করা হয়েছে থার্মাল ড্রোন, নাইট ভিশন গগলস ও বাইনোকুলার, সিসি ক্যামেরা, সার্চ লাইট এবং ডগ স্কোয়াড। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে দিন-রাত বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা বহুগুণ বাড়ানো হয়েছে।

মতবিনিময় সভায় সীমান্তের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় স্থানীয় জনগণ এবং গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।