মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে সেলাঙ্গর রাজ্যে তল্লাশি চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। শুক্রবার সকাল ১১টা থেকে রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং এবং হুলু লাঙ্গাত এলাকায় ‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামে পৃথক তিনটি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ৩৮ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ওই ৩৪ জনকে আটক করা হয়। এ সময় গ্রেফতার এড়াতে কয়েকজন বিদেশি নাগরিক সংকীর্ণ স্থানে আত্মগোপন করলেও শেষ রক্ষা হয়নি; এমনকি খাটের নিচে লুকিয়ে থাকা এক অভিবাসীকেও খুঁজে বের করেন কর্মকর্তারা। আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের আটজন এবং ইন্দোনেশিয়া, ভারত ও পোল্যান্ডের নাগরিক রয়েছেন।
আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া বৈধ কাগজপত্র ছাড়া কর্মী নিয়োগের দায়ে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার সংসদে উপস্থাপিত সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১১ হাজার ৮০৮টি অভিযানে মোট ৭০ হাজার ১৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে, যার মধ্যে ৪৭ হাজার ৫৫৩ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযানে ২২৮ জন বিদেশি আটক হচ্ছেন।
এদিকে, অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে চালু থাকা প্রত্যাবাসন কর্মসূচির (পিআরএম ২.০) মেয়াদ ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। নির্ধারিত জরিমানা ও বিশেষ পাস ফি পরিশোধ করে এ সুযোগ নেওয়া গেলেও দেশজুড়ে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে বলে সতর্ক করেছে অভিবাসন কর্তৃপক্ষ।



মন্তব্য করুন