গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক এপিসি (আর্মর্ড পারসোনেল ক্যারিয়ার) ছাড়াও ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি মনিটরিং ও সমন্বয়ের জন্য সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এছাড়া ড্রোন প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সংযম বজায় রাখছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।