রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন এলাকায় এ নাশকতার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১৩-০৬৬৫ নম্বরের রাজধানী পরিবহনের বাসটিতে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করে। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে।

মিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।