রোববারের দিনভর সহিংসতা ও নাশকতার পর গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় বডি ওর্ন ক্যামেরাসহ মোট ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবির পাশাপাশি জেলার নিরাপত্তায় পুলিশ, এপিবিএন ও আরআরএফের প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা মাঠপর্যায়ে টহল জোরদার করেছেন। শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, আগের দিনের তুলনায় আজ পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

ডিআইজি জানান, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিংয়ের পাশাপাশি পৌরসভা ও চারটি উপজেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববারের সহিংসতার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরেও সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে সোমবার সকাল থেকেই গোপালগঞ্জের জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। শহরের লঞ্চঘাট, চৌরঙ্গী, পুলিশ লাইন মোড়, ঘোনাপাড়া মোড়, বেদগ্রাম মোড়, ডিসি অফিস ও আদালত এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথ বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে এবং যান চলাচল শুরু হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক কাটেনি। রিকশাচালক সালাম মিয়া জানান, মনে কিছুটা ভয় কাজ করলেও জীবিকার তাগিদে মানুষ কাজে বের হয়েছেন।

উল্লেখ্য, রোববার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে।