মসজিদের নামে দান করা জমির অবস্থান নিয়ে বিরোধের জেরে বন্ধ হয়ে আছে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের আ. জব্বার মল্লিকের কান্দি আল-নূর জামে মসজিদের উন্নয়নকাজ। বাথরুম ও অজুখানা নির্মাণের জন্য প্রায় পাঁচ লাখ টাকার ইট, বালু, রড ও সিমেন্ট কেনা হলেও বিরোধের কারণে শুরু করা যাচ্ছে না নির্মাণকাজ। এ নিয়ে মসজিদ কমিটি ও জমিদাতার পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
মসজিদ কমিটির অভিযোগ, গত ২৫ অক্টোবর নির্মাণকাজ শুরু করতে গেলে জমিদাতা আয়শা বিবির ছেলে নজরুল ইসলাম মল্লিক ও তাঁর পক্ষের কয়েকজন এতে বাধা দেন। তাঁদের বাধার মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় কমিটি। এ ঘটনায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মল্লিক জাজিরা থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আব্দুল মোতালেব মল্লিকের স্ত্রী আয়শা বিবি ২০১২ সালে ৯১ নম্বর দড়িকান্দী মৌজার বিআরএস ১১১ নম্বর খতিয়ানের ১৮২ নম্বর দাগে অবস্থিত তাঁর কেনা আট শতাংশ জমি ওয়াকফনামা দলিলের মাধ্যমে আল-নূর জামে মসজিদের নামে দান করেন। ওই জমির একাংশে মসজিদ নির্মাণ করা হয়েছে। পরে বাকি অংশে বাথরুম ও অজুখানা নির্মাণের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এ জন্য প্রায় পাঁচ লাখ টাকার নির্মাণসামগ্রীও কেনা হয়।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান মল্লিক বলেন, আয়শা বিবির বড় ছেলে মজিবর মল্লিক জমি মসজিদের কাছে বুঝিয়ে দিতে সম্মত হলেও তাঁর অন্য ছেলেরা এতে আপত্তি জানাচ্ছেন। এ বিরোধের কারণে মসজিদের প্রয়োজনীয় উন্নয়নকাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না।
কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মল্লিক বলেন, নির্মাণকাজ বন্ধ থাকায় কেনা মালামাল চুরি ও নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি। দ্রুত প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চান তাঁরা।
মসজিদ কমিটির উপদেষ্টা শাখাওয়াত হোসেন আলমগীর মল্লিক ও সাবেক সভাপতি সাহেদ আলী মল্লিক জানান, আয়শা বিবি স্বেচ্ছায় মসজিদের নামে জমি দান করেছেন। কিন্তু তাঁর ছেলেদের মধ্যে মতবিরোধের কারণে উন্নয়নকাজ আটকে আছে। তাঁরা বিরোধের শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সমাধান চান।
তবে আয়শা বিবির বড় ছেলে মজিবর রহমান মল্লিক বলেন, তাঁর মা ওয়াকফনামা দলিলের মাধ্যমে আট শতাংশ জমি মসজিদের নামে দান করেছেন। এতে তাঁর কোনো আপত্তি নেই। নিজের অংশের জমি তিনি মসজিদ কমিটিকে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু তাঁর ভাই নজরুল, আজিজুল ও শফিক মল্লিক জমি দিতে রাজি নন। তাঁদের মধ্যে বিরোধের কারণেই মসজিদের উন্নয়নকাজ বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম মল্লিক বলেন, তাঁর মা মসজিদের জন্য আট শতাংশ জমি ওয়াকফ করেছেন। তবে জমিটি ভুল করে অন্য দাগে পড়েছে। এ কারণে মসজিদটি সঠিক জায়গায় স্থানান্তরের দাবি জানিয়েছেন তিনি।
পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি বলেন, দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছেন তিনি। কিন্তু নজরুল মল্লিক আলোচনায় বসতে আগ্রহী নন। জমি নিয়ে বিরোধের জেরে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, তা তিনি চান না।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমদ বলেন, মসজিদের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন