শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর ঘোষিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) জেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তসংলগ্ন মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপির নেতারা জানান, গত ১০ নভেম্বর পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সমর্থকদের লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ এবং আতঙ্ক সৃষ্টির ঘটনার প্রতিবাদ এবং আগামী ১৯ নভেম্বর ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আব্দুল জব্বার খান, জেলা বিএনপির সহসভাপতি মো. আবুল হোসেন সরদার এবং সিরাজুল হক মোল্যা।

এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হাওলাদার, সদস্যসচিব সোহেল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমানুর রহমান আমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।