আজ ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম নেওয়া মওলানা ভাসানী তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সিংহভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। ১৯১১ সালে রাজনীতিতে যুক্ত হয়ে তিনি আমৃত্যু শোষণ, বঞ্চনা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক-মজুরের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এর প্রথম সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে বিখ্যাত ‘আসসালামু আলাইকুম’ ঘোষণা এবং একই বছর ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন এবং স্বাধিকার ও স্বাধীনতার লড়াইয়ে তাঁর অবদান অবিস্মরণীয়।



মন্তব্য করুন