রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ১৫ নভেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী গ্রেপ্তারের দিন অর্থাৎ ১৪ নভেম্বর থেকেই তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া এই পুলিশ কর্মকর্তা বর্তমানে আদালতের আদেশে চার দিনের রিমান্ডে রয়েছেন।



মন্তব্য করুন