যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডের হাই রোডে অবস্থিত ‘দ্য মেফেয়ার’ ভেন্যুতে এই হামলা চালানো হয়। এতে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সংবর্ধনাস্থলের বাইরে আগে থেকেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে লন্ডন মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকেও বেসরকারি নিরাপত্তাকর্মী রাখা হয়।

তবে কড়া নিরাপত্তার মধ্যেও বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক জড়ো হয়ে সংবর্ধনা অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বস্তু ছুড়েন এবং লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা চালান। এতে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।