সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে ওই দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানান ওসি।



মন্তব্য করুন