আগামী ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং দলটির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ইতিমধ্যে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করে নাশকতা চালাচ্ছেন। বিশেষ করে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাটোর, ঢাকা ও খুলনা,সহ অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়িতে হামলার মতো সহিংস ঘটনা ঘটেছে।

নাশকতার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে দেশের সব সীমান্ত জেলায় কড়া নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। যাতে সীমান্তের ওপার থেকে কোনো অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহভাজন ব্যক্তি প্রবেশ করতে না পারে। এছাড়া গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করা হয়েছে এবং সেখানে দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর এবং বিশেষ রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অরাজকতা কঠোরহস্তে দমন করতে মাঠপর্যায়ে অস্থায়ী চেকপোস্ট, তল্লাশি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।