গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে উপজেলার পাটগাতী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম এমপি জিলানীর বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আগুনে এমপির পৈতৃক বাড়ির পাশাপাশি তাঁর চাচাতো ভাই ও প্রতিবেশীর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, একদল লোক থানা কমপ্লেক্সের ভবন এবং সেখানে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে গোপালগঞ্জে ইতোমধ্যে অতিরিক্ত বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে।