যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার অভিযোগের পর, জবাবে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরু থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মঙ্গলবার দিনের শুরুতে বাহরাইনে তাদের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতেই তারা বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেম লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর অবস্থান করছে।
এই হামলার পর নিজেদের সেনা ও সম্পদের ওপর আগ্রাসনের অভিযোগ তুলে আত্মরক্ষার যুক্তিতে ইরানের কেশম দ্বীপে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ইরানের কেশম দ্বীপের হরমোজগান গভর্নরের দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দ্বীপটির বেশ কয়েকটি স্থানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। তবে এতে সেখানকার কোনো আবাসিক, বাণিজ্যিক কিংবা সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। অন্যদিকে, বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিশর।



মন্তব্য করুন